Print Date & Time : 07 November 2026 Saturday 03:36 am

ইসরায়েলি বাহিনীর ওপর একদিনে ৩৭ হামলা

image

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওপর একদিনে ৩৭টি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা, সামরিক যান ও প্রকৌশল সরঞ্জাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়। বিশেষ করে জাওতার আল-শারকিয়াহ, ওদাইসেহ, নাকৌরা, দেবেল ও রব আল-থালাথিন এলাকার আশপাশে হামলার কথা উল্লেখ করা হয়।

হিজবুল্লাহর দাবি, এসব অভিযানের মধ্যে জাওতার আল-শারকিয়াহ এলাকায় কাছাকাছি অবস্থান থেকে সংঘর্ষ, একাধিক মেরকাভা ট্যাংক ও আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্ল্যাটফর্ম লক্ষ্য করে হামলা এবং গ্যালিলি অঞ্চলে ইসরায়েলি অবস্থানে ড্রোন হামলাও করা হয়েছে।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, টায়ার ও মারজাইউন জেলার কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালানো হয়। বুর্জ আল-শেমালি, হাব্বুশ, মারাকেহ, সেলা ও কাওতারিয়াত আল-রুজ এলাকাও হামলার লক্ষ্যবস্তু ছিল।

—জা. অর্থনীতি/এনজে