Print Date & Time : 07 November 2026 Saturday 05:02 am

‘ইত্যাদি’র শুটিং স্পট থেকে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

image

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং দেখতে গিয়ে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার শিকার হয়েছেন হাজারো দর্শক। অনুষ্ঠান স্থলে প্রবেশের সময় কয়েকজন সাংবাদিকসহ শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। 

গতকাল বুধবার (২০ মে) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, রামনগর হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীরা বলছেন, অনুষ্ঠানস্থলে প্রবেশের ক্ষেত্রে পাসের ব্যবস্থা ছিলো। আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ওই অনুষ্ঠানে প্রবেশের সময় পাস হাতে থাকা নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী দর্শকদের ঠেলাঠেলি করে প্রবেশ করতে হয়েছে। 

বিশৃঙ্খল এই পরিস্থিতিতে সাংবাদিকসহ অন্তত শতাধিক ব্যক্তির মুঠোফোন চুরি হয়। এ সময় আহত হয় বেশ কয়েকজন। নিরাপত্তার দায়িত্বে থাকা বিপুলসংখ্যক পুলিশ সদস্যও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। 

জানা গেছে, তিন হাজার অতিথির জন্য আসন বরাদ্দ করা হলেও আরও কয়েক হাজার ব্যক্তি অনুষ্ঠানে অনধিকারে প্রবেশ করেন। 

পুলিশি বাঁধা উপেক্ষা করে, দেয়াল টপকে তারা ভিতরে প্রবেশ করেন। এ সময় ধাক্কাধাক্কির সুযোগে একটি চক্র প্রবেশ ফটক থেকেই হাতিয়ে নেয় ইনডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিঁভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক, প্রতিদিনের সংবাদের সাংবাদিকসহ অন্তত ৭ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রায় শতাধিক মুঠোফোন। 

পরে চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে শতশত পাসধারী দর্শকঅতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। 

অনুষ্ঠান স্থলে উপস্থিত ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, ‘অনুষ্ঠানে প্রবেশের জন‍্য প্রধান ফটক দিয়ে ঢোকার সময় প্রশাসনের অব‍্যবস্থাপনার কারণে হট্টগোল দেখা দেয়। এ সময় আমিসহ অন‍্যান‍্য সাংবাদিকরা ভিতরে প্রবেশ করার পর দেখি আমার মোবাইলটি নেই। তা‍ৎক্ষণিক গেইটে অবস্থানরত পুলিশকে চুরির ঘটনা জানানো হয়। জানানোর পর পুলিশের সাথে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকাবস্থায় ৬জন সাংবাদিক, ১জন জেলা প্রশাসনের কর্মচারীসহ অন্তত ৪০/৪৫ জন মোবাইল চুরির ঘটনা পুলিশকে অবহিত করে। তবে পুলিশ নীরব ভূমিকায় ছিলো। প্রবেশ গেইটে এতো হট্টগোল হচ্ছে দেখেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।’ 

এ কিষয়ে জানতে চাইলে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, ‘ইত্যাদি অনুষ্ঠান উপভোগের জন্য জেলা, জেলার বাইরে থেকে হাজার হাজার দর্শক এসেছেন, পাশাপাশি হয়তো অনেক চোরও এসেছে। অনুষ্ঠানে বেশ কিছু দর্শকের মুঠোফোন মিসিং হয়েছে জেনেছি। থানায় রিপোর্ট করলে তাদের মুঠোফোন উদ্ধারের চেষ্টা করা হবে।’ 

—জা. অর্থনীতি/এনএ