Print Date & Time : 08 November 2026 Sunday 02:28 pm

ভারতের নাগরিকত্ব পেতে নতুন নিয়ম: জমা দিতে হবে পাসপোর্ট ও ঘোষণাপত্র

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য নতুন এক নিয়ম জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে ভারতের নাগরিকত্ব পেতে হলে আবেদনকারীকে তার নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা জানিয়ে একটি ঘোষণাপত্র (ডিক্লারেশন) জমা দিতে হবে। 

২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে সম্প্রতি এই বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই নিয়ম অনুযায়ী, ভারতের নাগরিক হতে চাওয়া কোনো বাংলাদেশি, পাকিস্তানি বা আফগান নাগরিকের কাছে নিজের দেশের কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা চলবে না। 

আবেদনকারীর কাছে যদি বর্তমানে কোনো বৈধ পাসপোর্ট থাকে, তবে আবেদনপত্রে তার বিস্তারিত তথ্য, যেমন পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদ, সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। একইসঙ্গে একটি লিখিত ঘোষণাপত্র দিতে হবে যে, ভারতের নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনকারী তার ওই পাসপোর্টটি ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দিয়ে দেবেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৯ সালের মূল বিধিমালার ১সি তফসিলে একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, এই ১সি তফসিলটি মূলত ভারতের নাগরিকত্ব পেতে চাওয়া বাংলাদেশি, পাকিস্তানি এবং আফগান হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের অভিবাসীদের জন্য প্রযোজ্য। 

২০১৯ সালে ভারত সরকার বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করেছিল। এই আইনের লক্ষ্য ছিল ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া সহজ করা। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এবার ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে এই নতুন সংশোধনী আনা হলো।

—জা. অর্থনীতি/এআইই