Print Date & Time : 07 November 2026 Saturday 11:34 pm

‘রাগ করলা’ দিয়ে ফেসবুক সয়লাব, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়

image

বিনোদন ডেস্ক: অনলাইন দুনিয়ায় কখন কি ‘ভাইরাল’ হয় বলা মুশকিল। একবার কারও বিয়ে, বিচ্ছেদ কিংবা মৃত্যু নিয়ে ট্রল তো আরেকবার খুবই তুচ্ছ বিষয় নিয়ে ‘অতি মাতামাতি’। এই তো অনলাইন ‘ভাইরাল’ দুনিয়ার আলোচনা। এবার সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হওয়া ‘রাগ করলা’ সংলাপে মেতে থাকা নেটিজেন ও সমাজকে একহাত নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ভাইরাল বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষের এই অতি-উৎসাহ এবং পরবর্তী সময়ে তা নিয়ে মাতামাতিকে সমাজের ‘দ্বিমুখী আচরণ’ হিসেবে অভিহিত করেছেন তিনি। 

মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক প্রোফাইলে এ নিয়ে কড়া সমালোচনা করেছেন এই অভিনেতা। এক পোস্টে নিলয় লিখেন, ‘রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাইয়ো। এওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে এওয়ার্ড দিও। তারপর স্ট্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ।’ 

মূলত সামাজিক মাধ্যমে কোনো ব্যক্তি বা বিষয় ‘ভাইরাল’ হওয়ার পর তাকে নিয়ে যে ধরনের বাণিজ্যিক ও সামাজিক তোড়জোড় শুরু হয়, নিলয় আলমগীরের স্ট্যাটাসে সেই প্রবণতাকেই ইঙ্গিত করা হয়েছে। অভিনেতার এমন স্পষ্টভাষী মন্তব্যে অধিকাংশ নেটিজেনই সহমত পোষণ করেছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। 

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই দেখা যাচ্ছে এক কথিত কবিরাজকে। যিনি সাধারণত ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ এ ধরনের সংলাপ বলে আলোচনায় এসেছেন। শোনা যাচ্ছে, তিনি নাকি কবিরাজ নন, একজন অভিনেতা। তার নাম ঈমান আলী। গাজীপুরে স্থায়ীভাবে তার বসবাস। 

এর আগেও বিভিন্ন সময় ভাইরাল কনটেন্ট বা ভাইরাল হওয়া ব্যক্তিদের নিয়ে মূলধারার অনেক তারকা নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। এবার নিলয় আলমগীরের এই ক্ষোভের পরও উঠল নানা প্রশ্ন। 

—জা. অর্থনীতি/এনএ