বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। বরাবরই থাকেন আলোচনার কেন্দ্রে। কখনো বিয়ে-সন্তান, আবার কখনো স্বামী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তাদের প্রসঙ্গ টেনে খবরের শেষ নেই। এর মধ্যে অনেকদনি ধরে খোঁজ নেই বুবলীর। সম্প্রতি তার নতুন সিনেমা মুক্তি পেলেও প্রচারে নেই এই চিত্রনায়িকা। অন্যদিকে, বেশ ফুরফুেরে মেজাজে রয়েছেন শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি। এবার ‘টপস’ পরে আধুনিক লুকে হাজির হয়েছেন এই চিত্রনায়িকা।
দুই নায়িকার এসব বিষয় নিয়ে নেটিজেনদের নানা মন্তব্য চোখে পড়ে। কেউ করছেন প্রশংসা, আবার কেউ কেউ করছেন বিপরীত মন্তব্য।
জানা গেছে, বাংলার লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘সর্দারবাড়ির খেলা’। লাঠিয়ালদের জীবনসংগ্রামের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ, যা তার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।
গত বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায় এর মুক্তি। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৮ মে (শুক্রবার) সারাদেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। তবে, মুক্তি উপলক্ষে সাম্প্রতিক সময়ে সিনেমাটির প্রচারণায় প্রধান দুই তারকা রোশান ও বুবলীর কাউকেই দেখা যায়নি।
এদিকে, সিনেমাটি নিয়ে নায়িকা বুবলীর পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। গত মার্চ মাস থেকেই পর্দার আড়ালে রয়েছেন এই চিত্রনায়িকা। গুঞ্জন শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। আর সে কারণেই আপাতত নিজেকে সব ধরনের কাজ ও প্রচার থেকে দূরে সরিয়ে রেখেছেন।
অন্যদিকে, সাধারণত শাড়ি কিংবা গাউনে পর্দায় হাজির হলেও এবার কিছুটা ব্যতিক্রমী লুকে ধরা দিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সদ্য একগুচ্ছ নতুন ছবিতে ‘টপস’ পরা আধুনিক লুকে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন সেই ছবিগুলো। তাতে দেখা যায়, একটি কালো টপস ও উজ্জ্বল সবুজ রঙের প্রিন্টেড স্কার্ট পরেছেন অপু। আধুনিক ও ক্ল্যাসিক লুকের এই পোশাকে তার আত্মবিশ্বাসী লুক দেখে ভক্তরাও তার প্রশংসায় মজেছেন। এ ছাড়াও, ব্যাকগ্রাউন্ডে থাকা মাটির রঙের দেয়াল পুরো ফটোশুটকে নতুন এক মাত্রা যোগ করেছে।
ফেসবুকে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘শান্ত থাকো এবং তোমার রাজমুকুট পরিধান করো।’ আর ব্যতিক্রমী এই লুকে নায়িকাকে দেখে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে।
শাড়ি-গাউনের চেনা বৃত্ত ভেঙে অপু বিশ্বাসের এই নতুন লুক ভক্তদের মাঝে নতুন জল্পনা তৈরি করেছে। অনেকে ছবিগুলো শেয়ার করে লিখেছেন, এটা তার আসন্ন সিনেমা 'দুর্বার' এর লুক হতে পারে। তবে, খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি একটি শো-রুমের ফিতা কাটতে এই সাজে হাজির হয়েছিলেন নায়িকা। যদিও তার নতুন সিনেমার তেমন কোনো অগ্রগতি না দেখা গেলেও প্রায়ই শোরুমে গিয়ে তার ফিতা কাটতে যাওয়ার খবর মেলে।
—জা. অর্থনীতি/এনএ