Print Date & Time : 25 October 2026 Sunday 01:48 pm

ঈদে দেখা যাবে অপূর্ব ও নীহার ‘মায়াপাখি’

image

বিনোদন ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অনেক নাটক নির্মিত হয়েছে। কিছু নাটক এখনো সম্পাদনার টেবিলে রয়েছে। অনেক নাটক ইতিমধ্যে সম্প্রচার শিডিউল নিশ্চিত করেছে। এর মধ্যে ঈদে মুক্তি পাচ্ছে জাকারিয়া সৌখিনের নতুন নাটক ‘মায়াপাখি’। মুক্তির আগেই নাটকটি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। নির্মাতা টিমের আগের দুই নাটক ‘মনদুয়ারী’ ও ‘মেঘবালিকা’ ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় এবারও দর্শকের প্রত্যাশা তৈরি হয়েছে। 

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। 

আগের দুটি ন্যায় এবারের নাটকটির কেন্দ্রেও রয়েছে সম্পর্কের গল্প, তবে ভিন্ন আঙ্গিকে। এ প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, এবারের গল্প দর্শকের অনুমানের বাইরের এক অভিজ্ঞতা দেবে। নাটকের প্রতিটি বাঁকে থাকবে চমক, যা দর্শককে শিহরিত করবে এবং শেষ পর্যন্ত এক ধরনের আবেগঘন ধাক্কা দেবে। 

নির্মাতা সৌখিন বলেন, ‘যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্নস্বাদের কিছু নিয়ে আসছি।’ 

নাটকের গল্পে দেখা যাবে, মায়া খুবই সাধারণ একটি মেয়ে—হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো বেণী করা চুল, কপালে টিপ, চোখে কাজল। তার এই সহজ-সরল রূপেই মুগ্ধ হয় সাদাত। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক জটিল মোড় নেয়। 

গল্প সম্পর্কে নির্মাতা এখনই বিস্তারিত কিছু বলতে চান না। তিনি চান, পুরোটা দর্শক দেখেই জানুক। 

অপূর্ব বলেন, ‘মায়াপাখি এমন এক গল্প, যা দেখে সবার মায়া লাগবে। অনুভূতি কাজ করবে। শেষ পর্যন্ত দর্শকের হৃদয় মোচড় দিয়ে উঠবে।’ 

নীহা বলেন, ‘এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট ছিলো। এখানে আমি এমন অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে।’ 

জানা গেছে, ‘মায়াপাখি’ নাটকটি ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এতে অপূর্ব-নীহা ছাড়া আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ, তরু, মিলি বাশার, আহসানুল হক মিনু ও সমাপ্তি মাশুকসহ অনেকে। 

—জা. অর্থনীতি/এনএ