আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর এবং ইরানের বিরুদ্ধে আবুধাবির কথিত গোপন হামলা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে আমিরাত ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়েছে বলে জানিয়েছে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
নয়াদিল্লিতে ব্রিকস সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠকের প্রথম দিনেই এ ঘটনা ঘটে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর এক মন্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান।
রয়টার্সের বরাতে জানা যায়, বৈঠকে আরাঘচি বলেন, ঐক্যের স্বার্থে তিনি তার বক্তব্যে ইউএই-এর নাম উল্লেখ করেননি। তবে তার অভিযোগ, ইরানের বিরুদ্ধে হামলায় আমিরাত পরোক্ষভাবে জড়িত ছিল এবং হামলার সময় তারা কোনো নিন্দাও জানায়নি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বা ইসরায়েলের সঙ্গে জোট, কোনোটিই আমিরাতকে নিরাপত্তা দিতে পারবে না। তাই দেশটির উচিত ইরানের প্রতি তাদের নীতি পুনর্বিবেচনা করা।
এর আগে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কী বলেছেন, সে বিষয়ে ইরানি গণমাধ্যম বিস্তারিত কিছু জানায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, আরাঘচি দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং পূর্ণাঙ্গ সমঝোতার ওপর জোর দেন।
সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, যুদ্ধ চলাকালে তিনি গোপনে ইউএই সফর করেছিলেন। তবে এই দাবি নাকচ করে দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। এর প্রতিক্রিয়ায় আরাঘচি বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখে বিভেদ সৃষ্টিকারীদের জবাবদিহির মুখে পড়তে হবে।
—জা. অর্থনীতি/এআইই