Print Date & Time : 27 October 2026 Tuesday 04:41 am

আমিরাতে ইরানের হামলা ‘অগ্রহণযোগ্য’, পাশে থাকার আশ্বাস মোদির

image

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি ‘মুক্ত, উন্মুক্ত ও নিরাপদ’ রাখার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান–এর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে আমিরাতের ওপর ইরানের হামলার সমালোচনা করে তা ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন এবং এই সংকটে ভারতের পক্ষ থেকে আমিরাতের প্রতি সমর্থনের আশ্বাস দেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।

চার দেশের ইউরোপ সফরে যাওয়ার পথে শুক্রবার (১৫ মে) সংযুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন মোদি। সকালে দিল্লি থেকে রওনা হয়ে বিকেলে তিনি আমিরাতে পৌঁছান। সেখানে তিন ঘণ্টারও কম সময় অবস্থান করেন তিনি।

গত দুই মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে। বৈঠকে ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারতের পূর্ণ সমর্থনের কথা জানান মোদি।

কঠিন সময়ে ‘সাহস ও প্রজ্ঞা’ দেখানোর জন্য আমিরাতের প্রেসিডেন্টের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি আরব আমিরাতে বসবাসরত ভারতীয়দের ‘পরিবারের সদস্যের মতো’ দেখভাল করার জন্য তাকে ধন্যবাদ জানান তিনি।

মোদি বলেন, এই সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে পড়ছে। ভারত সব সময় সংলাপ ও কূটনীতির পক্ষে অবস্থান নেয়।

বৈঠকে দুই নেতা ভারত–আমিরাতের কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এর এক দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি–এর সঙ্গেও বৈঠক করেন মোদি।

—জা. অর্থনীতি/এআইই