Print Date & Time : 28 October 2026 Wednesday 12:29 am

পাকিস্তানকে ‘সম্মান’ দিয়ে সার্ক এগিয়ে নেওয়ার পরামর্শ বীণা সিক্রির

image

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কূটনীতিতে আরও বাস্তববাদী অবস্থান নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক কূটনীতিক বীণা সিক্রি। তার মতে, শুধু প্রতিদ্বন্দ্বিতামূলক বক্তব্যে সীমাবদ্ধ না থেকে পাকিস্তানকে ‘সম্মান’ দেখিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে এগিয়ে নেওয়ার বিষয়ে ভাবা উচিত ভারতের।

বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সার্ক নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। সোমবার (১১ মে) ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ওই সাক্ষাৎকারে বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বলেন, পাকিস্তানের কারণে ভারত সার্ককে আটকে রাখেনি, বরং সন্ত্রাসবাদ নিয়ে নীতিগত অবস্থানের কারণেই নয়াদিল্লি এ পথে রয়েছে।

বীণা সিক্রি বলেন, এই বিষয়গুলোর স্পষ্ট ও কাঠামোগত সমাধান ছাড়া আঞ্চলিক জোটটি কার্যকরভাবে এগোতে পারবে না।

সাক্ষাৎকারে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার নানা চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, বিষয়টি শুধু সন্ত্রাসবাদে সীমাবদ্ধ নয়। অর্থ যদি অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, তাহলে কে কোন পথে কী করছে, সেসবও পরিষ্কার হওয়া প্রয়োজন। তাহলেই বোঝানো সম্ভব হবে যে, পাকিস্তানের কারণেই শুধু সার্ক স্থবির হয়ে নেই, বরং সন্ত্রাসবাদবিরোধী নীতিগত অবস্থানের কারণেই ভারত এটি স্থগিত রেখেছে। একই সঙ্গে তিনি বলেন, এ সমস্যার সমাধান হওয়া জরুরি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতে হবে।

সন্ত্রাসবাদ ইস্যুতে বৃহত্তর আঞ্চলিক সম্পৃক্ততার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বীণা সিক্রি। তিনি বলেন, বাংলাদেশ ও নেপালসহ বিভিন্ন দেশে পরিবর্তন এসেছে এবং নতুন প্রজন্ম এখন বাস্তবমুখী বিষয়কে গুরুত্ব দেয়। প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তি, বাজারব্যবস্থা, মানুষে-মানুষে যোগাযোগ এবং জলবায়ু পরিবর্তনের মতো ক্ষেত্রে ভারতের বড় সম্ভাবনা ও সক্ষমতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ ভারতের নিরাপত্তাসংক্রান্ত ‘রেড লাইন’গুলোকে সম্মান করার অবস্থান নিয়েছিল।

বাস্তববাদী আঞ্চলিক কূটনীতির ওপর জোর দিয়ে বীণা সিক্রি বলেন, ভারতের উচিত প্রতিদ্বন্দ্বিতামূলক বয়ানের গণ্ডি থেকে বেরিয়ে আসা।

তিনি আরও বলেন, সার্ক নিয়ে নতুনভাবে ভাবার সময় এসেছে। ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে রেখে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নেওয়া প্রয়োজন। পাশাপাশি পাকিস্তানকে যথাযথ সম্মান দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, বিশ্বের অন্যান্য দেশ বর্তমানে পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে।

১৯৮৫ সালে গঠিত সার্কের সদস্য দেশগুলো হলো, আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

—জা. অর্থনীতি/এআইই