Print Date & Time : 07 November 2026 Saturday 12:25 pm

প্রথমবার এক মঞ্চে যুগল পরিবেশনায় সুজিত ও মুনমুন

image

বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী সুজিত মোস্তফা ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ প্রথমবারের মত যুগল পরিবেশনা করতে যাচ্ছেন। ‘এন ইভিনিং অব মিউজিক অ্যান্ড ড্যান্স’ শিরোনামের অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চে উঠবেন এই দম্পতি। 

১৯৯৩ সালে বিয়ে করেন মুনমুন আহমেদ ও সুজিত মোস্তাফা। সে হিসেবে তাঁদের দাম্পত্য জীবন তিন দশকের বেশি। তবে, এবারই প্রথম একসঙ্গে মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন এই তারকা দম্পতি। আগামী শুক্রবার (১৫ মে) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে তাঁদের যুগল পরিবেশনা, ‘এন ইভিনিং অব মিউজিক অ্যান্ড ড্যান্স’ অনুষ্ঠানটির আয়োজন করেছে আর্টিস্ট ক্লাব। 

এর মধ্য দিয়ে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে নতুন সংগঠন ‘আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। 

অনুষ্ঠানে সুজিত মোস্তফা লাইভ সঙ্গীত পরিবেশন করবেন, একইসঙ্গে মুনমুন আহমেদ উপস্থাপন করবেন ধ্রুপদী নৃত্যশৈলী। সংগীত ও নৃত্যের এই সম্মিলিত উপস্থাপনা আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে। ব্যক্তিগত জীবনে দম্পতি হওয়ায় তাদের মঞ্চের পারস্পরিক শৈল্পিক রসায়ন দর্শকদের জন্য বিশেষ অভিজ্ঞতা তৈরি করবে বলে আয়োজকদের প্রত্যাশা। 

সুজিত মোস্তফা আধুনিক ও শাস্ত্রীয় সংগীতে পারদর্শী একজন কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত, আর মুনমুন আহমেদ ধ্রুপদী নৃত্য ও মঞ্চশিল্পে দীর্ঘদিন ধরে সক্রিয় ও প্রশংসিত। 

আয়োজক সূত্রে জানা গেছে, আর্টিস্ট ক্লাব লিমিটেড দেশের ৮৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির শিল্পীদের নিয়ে একটি সমন্বিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে। সংগঠনটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে আগামী ১৪ মে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫,০০০ টাকা, যার মধ্যে ডিনার অন্তর্ভুক্ত থাকবে। গেট খুলবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, পারফরম্যান্স শুরু হবে সন্ধ্যা ৭টায় এবং ডিনার পরিবেশন করা হবে রাত ৯টায়। 

আগ্রহীরা বনানীর ব্লক-জে-তে অবস্থিত আর্টিস্ট ক্লাব লিমিটেডের প্রধান কার্যালয় থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন বলে জানান আয়োজকরা। 

—জা. অর্থনীতি/এনএ