Print Date & Time : 07 November 2026 Saturday 11:52 pm

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

image

বিনোদন প্রতিবেদক: গত কয়েক দিন ধরেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের অসুস্থতা নিয়ে আলোচনা চলছিলো। জানা যায়, লিভার–সংক্রান্ত জটিলতায় হাসপাতালে ভর্তির পর বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ ভর্তি আছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবরটি প্রথমে নিশ্চিত করেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। 

এরপর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ-এর মেয়ে ও কারিনা কায়সারের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ তথ্য জানান তার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ। 

এর আগে, কনটেন্ট ক্রিয়েটর ডানা ভাইয়ের এক পোস্টে জানানো হয়, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। পরে তিনি অচেতন হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন, যা থেকে লিভার ফেইলিওরের জটিলতা তৈরি হয়েছে। 

এরপর গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে মেয়ের শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন কায়সার হামিদ। ভারাক্রান্ত কণ্ঠে তিনি বলেন, ‘আমার বড় মেয়ে কারিনা কায়সার হঠাৎ করেই চার-পাঁচ দিন ধরে অসুস্থ। অবস্থা খুব একটা ভালো নয়। ওর আগে একটু ফ্যাটি লিভার ছিলো, কিন্তু অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। তো হঠাৎ ইনফেকশন হয়ে গেছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিলো, গতকাল লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’ 

বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের পূর্ণাঙ্গ ব্যবস্থা না থাকায় চিকিৎসকদের পরামর্শে মেয়েকে দেশের বাইরে নেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এত বড় বড় হাসপাতাল থাকার পরও লিভার ট্রান্সপ্ল্যান্টের কোনো সেটআপ নেই—এটা আমি আগে জানতাম না। বাধ্য হয়েই হয়তো দেশের বাইরে নিতে হবে।’ 

চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি উল্লেখ করে সবার কাছে দোয়া চান এই সাবেক ফুটবলার। একইসঙ্গে ফ্যাটি লিভার নিয়ে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। 

বর্তমানে কারিনা কায়সারকে ভারতে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমেও দোয়া চেয়ে পোস্ট করছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। 

উল্লেখ্য, কারিনা কায়সার শোবিজ অঙ্গনেও কাজ করেছেন। বিশেষ করে জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে তিনি চলচ্চিত্র ‘৩৬-২৪-৩৬’-এ অভিনয়ের মাধ্যমে পর্দায় উপস্থিতি জানান দেন। এরপর থেকে তিনি মূলত অনলাইন কনটেন্ট ও ডিজিটাল প্ল্যাটফর্মেই বেশি সক্রিয় ছিলেন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’। 

—জা. অর্থনীতি/এনএ