মুসলিম উম্মাহর ঘরে আবারও ত্যাগের মহিমা নিয়ে হাজির হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আত্মত্যাগ আর আল্লাহর নৈকট্য লাভের এই উৎসবকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে দিনগণনা। সম্প্রতি মধ্যপ্রাচ্যসহ ইউরোপের দেশগুলোতে এই বছরের কুরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।
মুসলিম জীবন বিষয়ক জনপ্রিয় মিডিয়া প্ল্যাটফর্ম 'হাইফেন অনলাইন' জানিয়েছে, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২৭ মে (বুধবার) অথবা ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা শুরু হতে পারে। তবে ইসলামি বর্ষপঞ্জি যেহেতু চন্দ্রচক্রের ওপর নির্ভরশীল, তাই চূড়ান্ত তারিখ জানতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও ঈদের সম্ভাব্য সময় জানিয়েছে। শারজাহ বিশ্ববিদ্যালয়ের মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাবের বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে পবিত্র আরাফাতের দিন বা হজের দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির পরিচালক প্রফেসর আল নাইমি জানান, তারা বৈজ্ঞানিক তথ্য সরকারকে দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত হবে সরাসরি চাঁদ দেখার ওপর ভিত্তি করেই।
সাধারণত ভৌগোলিক কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই প্রচলিত নিয়ম ও বর্তমান বৈজ্ঞানিক সমীকরণ অনুযায়ী, আগামী ২৮ মে ২০২৬ (বৃহস্পতিবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
কুরবানি মানেই কেবল পশু জবাই নয়, বরং ত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। সম্ভাব্য তারিখ জানা যাওয়ায় এখন থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা হজের প্রস্তুতি এবং কুরবানির মানসিক প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। তবে মনে রাখতে হবে, হিজরি সনের তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
জা. অর্থনীতি/ উমর