Print Date & Time : 07 November 2026 Saturday 10:39 pm

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’

image

বিনোদন ডেস্ক: হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’ দেখার জন্য দর্শকদের দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ১ মে আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে এই আলোচিত চলচ্চিত্রটি। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর সিক্যুয়েল হিসেবে এটি নির্মিত হয়েছে। হলিউডের তিন প্রভাবশালী অভিনেত্রী মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে এবং এমিলি ব্লান্টকে আবারও একই ফ্রেমে দেখার সুযোগ তৈরি হওয়ায় বিশ্বজুড়ে দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

লরেন ওয়েইসবর্গারের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড ফ্রাঙ্কেল, যিনি প্রথম কিস্তিটিও অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছিলেন। সিনেমার মূল আকর্ষণ হিসেবে মেরিল স্ট্রিপের পাশাপাশি থাকছেন স্ট্যানলি টুসি, জাস্টিন থেরাক্স, কেনেথ ব্রানা এবং ট্রেসি থমাসের মতো খ্যাতিমান অভিনয়শিল্পীরা। চলতি বছরের অন্যতম আকর্ষণীয় প্রজেক্ট হিসেবে বিবেচিত এই সিনেমায় ফ্যাশন জগতের চাকচিক্য, পেশাগত প্রতিযোগিতা আর করপোরেট সংস্কৃতির জটিলতাগুলো নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে।

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছিল। মাত্র ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারে নির্মিত সেই ছবিটি সে সময় প্রায় ৩২ কোটি ৭০ লাখ ডলার আয় করে ব্যবসায়িক সাফল্যের নতুন রেকর্ড গড়েছিল। ফ্যাশন, উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্যের লড়াই ফুটিয়ে তোলা সেই ছবি কেবল বিনোদন নয়, বরং করপোরেট দুনিয়ার ভেতরের অনেক রূঢ় সত্য উন্মোচন করেছিল। দীর্ঘ দুই দশক পর সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও একজোট হয়েছেন এর মূল কারিগরেরা।

সিনেমাটির ট্রেলার মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দর্শকদের তুমুল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ৭৬ বছর বয়সে এসেও মেরিল স্ট্রিপ তাঁর আইকনিক ‘ভিলেইন বস’ চরিত্রে আগের মেজাজ ধরে রাখতে পারবেন কি না, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। পাশাপাশি অ্যান হ্যাথাওয়ে এবং এমিলি ব্লান্টের মধ্যকার সেই পুরনো খুনসুটি ও রসায়ন পর্দায় নতুন করে কেমন রোমাঞ্চ তৈরি করবে, সেটি দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে প্রহর গুনছেন। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, দেশীয় দর্শকদের আন্তর্জাতিক বিনোদনের স্বাদ দিতেই তারা বিশ্বমুক্তির দিনেই ছবিটি প্রদর্শনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

জেএ/অভি