বিনোদন ডেস্ক: রুপালি পর্দায় দেখা অনেক নাটক-সিনেমার চরিত্র হুবুহু মানুষের জীবনের সাথে মিলে যায়। যার জন্য মানুষ সেসব সিনেমা নাটক দেখে কাঁদে-হাসে। যে কোনো ভাষার সিনেমাই দর্শককে কাঁদাতে কিংবা হাসাতে পারে, যদি তার গল্পে দর্শক নিজেকে খুঁজে পায়। এমন অসংখ্য সিনেমার মধ্যে বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর পরিচালিত তৃতীয় সিনেমা ‘কাভি আলবিদা না ক্যাহনা’ একটি। ২০ বছর পর সিনেমাটি নিয়ে নতুন তথ্য দিলেন পরিচালক। এই ঘোষণা দিয়েছেন নির্মাতা নিজেই।
জানা গেছে, এ গল্প নতুন আঙ্গিকে আবার ফিরিয়ে আনছেন করণ। তবে, সিনেমা নয়, এবার আসবে ওয়েব সিরিজ হিসেবে।
করণ জোহরের জনপ্রিয় সিনেমা ‘কাভি আলবিদা না ক্যাহনা’ সিনেমায় একসঙ্গে জুটি হয়ে অভিনয় করে দর্শকের মনে দাগ কেটেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, রানি মুখার্জি ও প্রীতি জিনতা। এতে আরও অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। বিশেষ চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন এবং কিরণ খের। সিনেমাটি সেই সময় বক্স অফিসে খুব ভালো সাড়া পেয়েছিলো। ভারতে ৪৫ কোটি এবং বিশ্বব্যাপী ১১০ কোটি রুপি আয় করেছিলো সিনেমাটি।
২০ বছর পার হলেও আজও সেই সিনেমার গান মানুষের মুখে মুখে ফেরে। বিশেষ করে এর শিরোনাম গান ‘কাভি আলবিদা না ক্যাহনা’-এর জনপ্রিয়তায় এতোটুকু ভাটা পড়েনি। প্রেম সংক্রান্ত জটিলতায় মানুষ এখনো আশ্রয় খুঁজে এই সিনেমার গানে।
করণের সেই সিনেমা আবার ফিরছে নতুন আঙ্গিকে। তবে, এবার বড় পর্দায় নয়, দর্শকদের সামনে আসবে ওয়েব সিরিজ হিসেবে।
সম্প্রতি সংবাদমাধ্যম দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর জানান, ‘কাভি আলবিদা না ক্যাহনা’কে দীর্ঘ ওয়েব সিরিজে রূপান্তরের পরিকল্পনা নিয়ে একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এটিকে একটি দীর্ঘ সিরিজ হিসেবে ফিরিয়ে আনছি। খুব শিগগির কাজ শুরু হবে।’
তার মতে, এই গল্প বর্তমান সময়ে সিরিজের ফরম্যাটে বলার জন্য আরও বেশি উপযুক্ত। তবে, এটি শুধু মূল সিনেমার রিমেক হবে না, বরং আধুনিক সম্পর্কের জটিলতা আরও গভীরভাবে তুলে ধরা হবে।
নতুন সিরিজে শাহরুখ খান, রানি মুখার্জি কিংবা প্রীতি জিনতার জায়গায় কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি করণ।
উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কাভি আলবিদা না ক্যাহনা’ সিনেমায় বিবাহবহির্ভূত সম্পর্ক, দাম্পত্যের অশান্তি এবং মানসিক দূরত্বের মতো সংবেদনশীল বিষয় তুলে ধরা হয়েছিলো। সে সময় সিনেমাটির বিষয়বস্তু নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হলেও সমালোচনার মুখে পড়তে হয়েছিলো নির্মাতা করণ জোহরকে।
এ নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিলো সফল এই নির্মাতাকে। অনেকেই তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি অসুস্থ কি না। কারণ, তিনি সিনেমায় পরকীয়া ও বিশ্বাসঘাতকতার মতো বিষয় দেখিয়েছেন। সেই প্রসঙ্গে করণ জোহর উত্তরে বলেছিলেন, ‘সমাজে যা আগে থেকেই আছে সেটাই পর্দায় তুলে ধরেছেন মাত্র।’
—জা. অর্থনীতি/এনএ