Print Date & Time : 02 November 2026 Monday 12:12 pm

‘জাব উই মেট’-এর সিক্যুয়েল নিয়ে যা জানালেন পরিচালক

image

বিনোদন ডেস্ক: বলিউডের কালজয়ী সিনেমা ‘জাব উই মেট’। নির্মাতা ইমতিয়াজ আলির এই সিনেমার ‘গীত’ ও ‘আদিত্য’ চরিত্র দুটি আজও দর্শকদের মনে গেঁথে আছে। এই চরিত্র দুটিতে অভিনয় করেছিলেন কারিনা কাপুর ও শাহিদ কাপুর। মুক্তির এতো বছর পর এখনো কমেনি এই সিনেমার আবেদন। এ নিয়ে ভক্তদের মনে জমানো একটি  প্রশ্ন। 

দীর্ঘদিন ধরেই ভক্তদের মনে প্রশ্ন ছিলো, ছবিটির সিক্যুয়েল বা দ্বিতীয় কিস্তি কি কখনো আসবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন পরিচালক ইমতিয়াজ আলি নিজেই। 

এ নিয়ে ইমতিয়াজ স্পষ্ট জানিয়েছেন, ‘জাব উই মেট’ বা ‘তামাশা’র মতো সিনেমার সিক্যুয়েল তৈরির কোনো পরিকল্পনা বর্তমানে তার নেই! এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলি জানান, সামাজিকমাধ্যম বা বিভিন্ন মহলে তিনি প্রায়ই ‘জব উই মেট টু’ নিয়ে প্রশ্নের সম্মুখীন হন। 

এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি এর আগেও ‘লাভ আজ কাল টু’ নির্মাণ করেছিলাম, কিন্তু সেটি দর্শক সেভাবে গ্রহণ করেননি। তাই সিক্যুয়েল মানেই যে তা সফল হবে বা দর্শক ভালোবাসা দেবে, এমন কোনো নিশ্চয়তা নেই।’ 

ইমতিয়াজ আরও জানান, একজন নির্মাতা হিসেবে কোনো গল্প যদি তাকে প্রবলভাবে আকর্ষণ না করে, তবে তিনি তা নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তিনি বলেন, ‘জাব উই মেট’-এর মতো কিছু কাজ যেভাবে আছে, সেভাবেই থাকা ভালো; এগুলো নতুন করে স্পর্শ না করাই শ্রেয়। 

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পায় ‘জাব উই মেট’ এবং ২০১৫ সালে মুক্তি পায় ‘তামাশা’। এই দুটি সিনেমাই ইমতিয়াজ আলির ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত। বর্তমানে তিনি কোনো গাণিতিক হিসাব বা পেশাদার পদক্ষেপের চেয়ে গল্পের গুণগত মানের ওপরই বেশি গুরুত্ব দিচ্ছেন। 

—জা. অর্থনীতি/এনএ