Print Date & Time : 08 November 2026 Sunday 04:42 am

যে কারণে আশা ভোঁসলের শেষকৃত্যে অনুপস্থিত শাহরুখ-সালমান

image

বিনোদন ডেস্ক: ভারতীয় সংগীতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে। দেশ-বিদেশের অসংখ্য শিল্পী তাকে স্মরণ করে জানিয়েছেন গভীর শ্রদ্ধা। মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে এই বরেণ্য শিল্পীর শেষকৃত্য। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হলেও নজর কাড়ে দুই সুপারস্টারের অনুপস্থিতি। মুম্বাইয়ে থেকেও কেনো শেষ বিদায়ে হাজির হলেন না সালমান খান ও শাহরুখ খান—এ প্রশ্নেই এখন সরব নেটদুনিয়া। 

মুম্বাইয়ের শিবাজি পার্কে শেষকৃত্যে মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অব অনার। এ সময় উপস্থিত ছিলেন সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের অসংখ্য তারকা। তবে, সবার চোখে পড়ে বলিউডের দুই বড় নাম সালমান খান ও শাহরুখ খানের অনুপস্থিতি। কারণ, ওই সময় দু’জনেই মুম্বাইয়ে ছিলেন। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, নিরাপত্তাজনিত কারণেই শেষকৃত্যে যাননি দুই তারকা। তাদের উপস্থিতিতে বিশাল জনসমাগম ও ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে এমন আশঙ্কা থেকেই নেওয়া হয় এমন সিদ্ধান্ত। যদিও এ বিষয়ে তাদের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। 

শ্মশানে না গেলেও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন বলিউডের বড় দুই তারকা। শাহরুখ খান লেখেন, আশার কণ্ঠ ভারতীয় সিনেমার এক স্তম্ভ হয়ে থাকবে। অন্যদিকে সালমান খান বলেন, ভারতীয় সংগীতের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।’ 

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংগীতশিল্পী আশা ভোঁসলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মাল্টি অর্গ্যান ফেলিয়রের কারণেই মৃত্যু হয়েছে তার। এর পরদিন শেষকৃত্যে উপস্থিত ছিলেন-তার সহকর্মী ও অনুজ শিল্পীরাও। এদিন গায়ক শান ও সুদেশ ভোঁসলে গান গেয়ে এই কিংবদন্তিকে শেষ বিদায় জানান। 

—জা. অর্থনীতি/এনএ